সোমবার, ০৬ Jul ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

শেরপুরে ইউএনওর গাড়িতে হামলা, আহত ২

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বগুড়ার শেরপুরে অবৈধ বালুমহালে অভিযান চালানোর পর ইউএনওর সরকারি গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের বড়ইতলী নলডাঙ্গি এলাকায় ঘটনাটি ঘটে। এ সময় ইউএনও’র দুই কর্মচারী আহত হয়েছেন।

আহতরা হলেন, শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের অফিস সহকারী উজ্জল মোহন্ত ও নৈশ্যপ্রহরী মুঞ্জুরুল হক। তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত আলী শেখ এই তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার দিন দুপুরের পর থেকেই উপজেলার শেরুয়া বটতলা বাজারসহ বিভিন্ন এলাকায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে তার নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এ সময় খানপুর ইউনিয়নের বড়ইতলী নবীনগর ও নলডাঙ্গি এলাকায় বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর আসে।

পরবর্তীতে সেখানে অভিযান চালানো হয়। কিন্তু সেখানে কাউকে না পাওয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের সরঞ্জামগুলো খোলা হচ্ছিল। এ সময় বালু উত্তোলনকারীদের ভাড়াটে লোকজন সংঘবদ্ধ হয়ে তাদেরকে ঘিরে ফেলেন। একইসঙ্গে চড়াও হন। এমনকি তারা উত্তেজিত হয়ে তার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে জানান তিনি। এসময় তার সঙ্গে অভিযানে থাকা ওই দুইজন কর্মচারী বাধা দিতে গেলে তাদেরকে মারধর করে আহত করা হয়েছে বলে দাবি করেন তিনি। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ আসার পর হামলাকারীরা পালিয়ে যায়।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়েই অতিরিক্ত পুলিশ নিয়ে তিনি ঘটনাস্থলে যান। একইসঙ্গে ইউএনওসহ ওই অভিযানের সব সদস্যদের উদ্ধার করেন তিনি। তিনি বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। তাদের ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com