সোমবার, ০৬ Jul ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

গোপালগঞ্জে কালিগঙ্গা খাল উন্মুক্তের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গোপালগঞ্জে বনগ্রাম-দুর্গাপুর-কংশুর কালিগঙ্গা খাল জনসাধারণের জন্য উন্মুক্ত ও টেকেরহাট-গোপালগঞ্জ সড়কের কংশুর বাসস্ট্যান্ডে ব্রিজসহ স্লুইচ গেট নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়ন উন্নয়ন কমিটি এবং উলপুর ও দূর্গাপুর ইউনিয়নবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রোববার (৪ অক্টোবর) সকাল ১১ টায় কংশুর বাসস্ট্যান্ডে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে এসব গ্রামের মানুষ অংশ নেয়।

মানববন্ধন চলাকালে মো. মোশারফ হোসেন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নওয়াব আলী ফকির, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মোল্লা, বনগ্রাম যুব সংঘের সভাপতি ইয়াসিন বিন ইমদাদ, করপাড়া ইউনিয়ন উন্নয়ন কমিটির সভাপতি দ্বীন ইসলাম মোল্লা প্রমূখ।

বক্তারা জানান, টেকেরহাট-গোপালগঞ্জ সড়কের সদর উপজেলার কংশুর বাসস্ট্যান্ড এলাকায় পূর্বে ব্রিজ ছিলো। পরবর্তীতে সড়কটি উন্নয়ন করার সময় ব্রিজটি বন্ধ করে রাস্তা নির্মাণ করা হয়। এতে মধুমতি নদীর বিলরুট চ্যানেল থেকে বনগ্রাম-দুর্গাপুর-কংশুর কালিগঙ্গা খালে স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। এ ছাড়া উক্ত খালটি লিজ দেওয়ার কারণে চাষাবাদসহ গৃহস্থালির কাজে স্থানীয়রা খালের পানি ব্যবহার করতে পারছেন না। তাই সরকারের কাছে খালটি উন্মুক্ত করা ও কংশুর বাসস্ট্যান্ডে একটি ব্রিজসহ স্লুইচ গেট নির্মাণের দাবি জানান তারা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com