সোমবার, ০৬ Jul ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমি জনগণকে উদ্বুদ্ধ করতে মানুষের দ্বারে দ্বারে যাব। কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না। কোনো অপচেষ্টা করে আমাকে থামানো যাবে না।
তিনি আরও বলেন, আমি এই এলাকায় দীর্ঘ সময় অনেক উন্নয়ন করেছি, যা এলাকার মানুষ জানে। তারা আমাকে চিনেন। তাই উন্নয়নের জন্য তারা আমাকে ভোট দিবেন। শনিবার নির্বাচনী প্রচারকালে তিনি এসব কথা বলেন।
দুপুর ১১টায় সারুলিয়া এলাকায় সালাহউদ্দিন আহমেদের নির্বাচনী প্রচার শুরু করার কথা ছিল। কিন্তু এর আগেই সেখানে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ নেতাকর্মীরা বাধার সৃষ্টি করেন বলে অভিযোগ করেছেন সালাহউদ্দিন। পরে তার সমর্থকরা স্থান ত্যাগ করে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে এসে প্রচার শুরু করেন। পরে শনিরআখড়া চব্বিশ ফিট এলাকায় এসে তা শেষ হয়।
ধানের শীষের প্রচারে বাধা দেয়ার অভিযোগ করে সালাহউদ্দিন বলেন, জনগণের সাড়া দেখে আওয়ামী লীগের প্রার্থী দিশেহারা হয়ে পড়েছে। এ কারণে তিনি সন্ত্রাসী পথ বেছে নিয়েছেন। আমাদের শান্তিপূর্ণ প্রচারে বাধা দিচ্ছেন। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, তাহলে কারচুপি নয় জনগণের রায়ের ওপর তার আস্থা রাখা উচিত। বারবার প্রচারে হামলার অভিযোগ নির্বাচন কমিশনকে জানানোর পরও কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলেও দাবি করেন বিএনপির এই প্রার্থী।
তিনি আরও বলেন, দেশে নির্বাচন হয় কিন্তু ভোটের অধিকার নেই। জনগণকে এভাবে বেশিদিন অধিকার হারা করে রাখা সম্ভব হবে না। গণজাগরণ হবেই। গণতন্ত্রও ফিরে আসবে।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, সহ-সাধারণ সম্পাদক আকবর হোসেন নান্টু, প্রচার সম্পাদক আব্দুল হাই, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদল, যাত্রাবাড়ি থানা ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
নগরকন্ঠ.কম/এআর