সোমবার, ০৬ Jul ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

শাজাহানপুরে কিস্তির চাপে রডমিস্ত্রির আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বগুড়ার শাজাহানপুরে কিস্তির চাপ সহ্য করতে না পেরে বেলাল হোসেন (২৮) নামে এক রডমিস্ত্রির আত্মহত্যার ঘটনায় ৬ এনজিও সংস্থার ১১ কর্মকর্তার নামে আদালতে মামলা করায় বাদী হুমকির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মামলার বাদী নিহত বেলাল হোসেনের স্ত্রী হাছিনা খাতুন সোমবার দুপুরে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

হাছিনা খাতুন জানান, মামলা দায়েরের খবর পেয়ে শনিবার বেলা ৩টার দিকে সোসিও ইকোনোমিক ব্যাকিং অ্যাসোসিয়েশন (সেবা) মাঝিড়া শাখার চার কর্মকর্তা তার বাড়িতে এসে মামলা তুলে নিতে হুমকি দেন। এনজিও’র কোটি কোটি টাকা আছে তাই মামলা করে লাভ হবে না বলে হুমকি দিয়ে যান। এ ছাড়া অন্যান্য এনজিও প্রতিষ্ঠানের মাঠকর্মীরা গ্রামে কিস্তি আদায় করতে এসে প্রতিবেশীদের মাধ্যমে তাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছেন। এতে করে মামলার তদন্ত এবং ন্যায় বিচার পাওয়া নিয়ে তিনি শঙ্কায় রয়েছেন। এমতাবস্থায় এই সমস্ত এনজিও সংস্থা যেন মামলার তদন্ত এবং বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে না পারে সেজন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

তিনি আরো জানান, তার স্বামী উপজেলা চোপীনগর ডাক্তারপাড়ার লুৎফর রহমানের ছেলে বেলাল হোসেন (২৮) ওয়েলডিং ওয়ার্কসপের ব্যবসা করতেন। অর্থাভাবে তিনি সাজেদা ফাউন্ডেশন মাঝিড়া শাখা, রিয়েল সেভিংস অ্যান্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড দুবলাগাড়ী, সোসাইটি ফর সোস্যাল সার্ভিস নয়মাইল শাখা, বাংলাদেশ এক্রটেনশন এডুকেশন সার্ভিসেস মাঝিড়া শাখা, সোসিও ইকোনোমিক ব্যাকিং অ্যাসোসিয়েশন (সেবা) মাঝিড়া শাখা ও টিএমএসএস মাঝিড়া শাখাসহ বেশ কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়ে নিয়মিত কিস্তি দিয়ে আসছিলেন। করোনাকালীন সময়ে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় সময় মত কিস্তি দিতে পারছিলেন না। কিন্তু এই সমস্ত এনজিওর লোকজন কিস্তি আদায়ের চাপ দিয়ে আসছিলেন। একপর্যায়ে গত ১৫ সেপ্টেম্বর বিকেলে তার স্বামী বেলাল হোসেন আত্মহত্যা করার উদ্যেশ্যে নিজ বাড়িতে প্রথমে কিটনাশক পান করেন। একই সাথে রড কাটার ইলেকট্রিক মেশিন দিয়ে গলা কেটে ফেলেন। গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মামলার আসামিরা হলেন, সাজেদা ফাউন্ডেশন মাঝিড়া শাখার ম্যানেজার মনিরুজ্জামান, মাঠকর্মী মাজেদুল ইসলাম, রিয়েল সেভিংস অ্যান্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড দুবলাগাড়ীর ম্যানেজার ফরহাদ হোসেন, মাঠকর্মী জেসমিন আকতার, সোসাইটি ফর সোস্যাল সার্ভিস নয়মাইল শাখার ম্যানেজার আমিরুল হাসান, মাঠকর্মী মুঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ এক্রটেনশন এডুকেশন সার্ভিসেস মাঝিড়া শাখার ম্যানেজার সাইদুর রহমান, মাঠকর্মী লাকী, সোসিও ইকোনোমিক ব্যাকিং এসোসিয়েশন মাঝিড়া শাখার ম্যানেজার হেলালা উদ্দিন, টিএমএসএস মাঝিড়া শাখার ম্যানেজার আব্দুল মান্নান, মাঠকর্মী নাহার।

সোসিও ইকোনোমিক ব্যাকিং অ্যাসোসিয়েশন (সেবা) মাঝিড়া শাখার ম্যানেজার হেলাল উদ্দিন জানান, তাকে কোনো হুমকি দেওয়া হয়নি। যা খুশি করুক। কোনো সমস্যা নাই।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভীন জানান, স্মারকলিপি এখনো হাতে পাননি। হাতে পেলে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com