সোমবার, ০৬ Jul ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

রাজধানীতে বুকে বল লেগে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানী ঢাকার হাতিরপুল এলাকার একটি মাঠে ফুটবল খেলার সময় বলের আঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম মো. তারেক (১৭)। সে একটি কাপড়ের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করত।

জানা গেছে, রোববার সকালে হাতিরপুলের মাঠে ফুটবল খেলতে যায় তারেক। খেলার সময় তার বুকে বল লাগে। অস্বস্তি বোধ করায় সে বাসায় ফিরে যায়। এরপর হঠাৎ তার খিঁচুনি শুরু হয়। পরে হাসপাতালে নেয়ার পর রাত ৮টার দিকের তার মৃত্যু হয়।

তারেকের মামাতো ভাই মো. রিয়াজ বলেন, প্রথমে স্থানীয় একটি হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছিল। বাসায় ফেরার পর হঠাৎ তার খিঁচুনি শুরু হয়। বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাত সোয়া ৮টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

তারেক কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার বানিয়াহাটি গ্রামের মো. ইয়াসিনের ছেলে। রাজধানীতে কাঁঠালবাগান এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত সে। এক ভাই এক বোনের মধ্যে তারেক ছিল ছোট।
নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com