সোমবার, ০৬ Jul ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, এই নির্বাচন গণতন্ত্র রক্ষার নির্বাচন। এটা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার নির্বাচন।
নির্বাচন কমিশনের নেতৃত্বে যারা আছেন তাদের বলব সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিন। না হলে জনগণ আপনাদের বিচার করবে। রোববার রাজধানীর সায়েদাবাদ এলাকায় এক নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।
সভায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, বাংলাদেশে নির্বাচনের নামে তামাশা চলছে। কিছু কিছু ক্ষেত্রে স্বৈরাচার এরশাদের কায়দায় এবং তার চেয়ে বেশি খারাপভাবে নির্বাচন চালু করেছে কমিশন। এটি একটি অটিস্টিক নির্বাচন কমিশন।
দুপুর ১২টায় যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে সালাহউদ্দিনের গণসংযোগ শুরু হয়। সেখান থেকে সায়েদাবাদ, ধলপুর নতুন রাস্তা, গোলাপবাগ স্টেডিয়াম মার্কেট, সায়দাবাদ বাস টার্মিনাল, সায়েদাবাদ জনপদ মোড় হয়ে ৪৮ ও ৪৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে আবার যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে গিয়ে গণসংযোগ শেষ হয়।
এতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি আতিকুল্লাহ আতিক, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, যাত্রাবাড়ী থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন সর্দার, ডেমরা থানা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন, যাত্রাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভাণ্ডারী, ডেমরা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম দেওয়ান, শ্রমিকদলের মাহবুব আলম বাদলসহ যাত্রাবাড়ী-ডেমরা থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
নির্বাচন পরিচালনা কমিটি গঠন : ঢাকা-৫ ও নওগাঁ-৬ জাতীয় সংসদ উপনির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনার জন্য কমিটি গঠন করেছে বিএনপি।
ঢাকা-৫ আসনে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানকে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, মহানগর নেতা কাজী আবুল বাশার, অর্পণা রায় দাস, নবী উল্লাহ নবী এবং প্রকৌশলী ইশরাক হোসেন।
নগরকন্ঠ.কম/এআর