সোমবার, ০৬ Jul ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

চিনিকল বিরাষ্ট্রীয়করণ হতে দেবো না : বাদশা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেছেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পাকিস্তানিদের হাত থেকে চিনিকলগুলো নিয়েছি। এটা মুক্তিযুদ্ধের ফসল। এই চিনিকল বিরাষ্ট্রীয়করণ করতে দেবো না।’

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রাজশাহী চিনিকলে যান ফজলে হোসেন বাদশা। সেখানে শ্রমিকদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্প্রতি বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) দেশের ১৫টি চিনিকল এবং কয়েকটি কারখানায় চিঠি দেয়। এতে মিলভিত্তিক কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকের সংখ্যা এবং গোল্ডেন হ্যান্ডসেকের আওতায় চাকরিকালীন আর্থিক পরিমাণ জানতে চাওয়া হয়। পরে বিএসএফআইসির চেয়ারম্যান শ্রমিক নেতাদের জানান, দেশের পাঁচটি বাদে বাকি চিনিকলগুলো বেসরকারিখাতে দিয়ে দেওয়া হচ্ছে। ফলে চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন শ্রমিকরা।

ফজলে হোসেন বাদশা বলেন, ‘করোনার সময় হ্যান্ডসেক করতে বলা হচ্ছে। এটা হতে পারে না। চিনিকল বন্ধ করে বাইরের লিকুইড সুগার এনে আমাদের খাওয়ানো হবে, এটাও হবে না। এটা বিষ। আমরা বিষ খেতে চাই না।’

তিনি বলেন, সারাবিশ্বের চিনিকল লাভ করে। বাংলাদেশের চিনিকল কেন লোকসান করে? চিনিকল রক্ষার জন্য আখের ছোবড়া কাজে লাগাতে হবে। কারখানা আধুনিকায়ন করতে হবে। আর কর্মকর্তাদের দুর্নীতি বন্ধ করতে হবে। তাহলে চিনিকল লাভ করবে।

এরপর বাদশা রাজশাহী চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সেলিমের সঙ্গে মতবিনিময় করেন। আবদুস সেলিম তাকে অবহিত করেন দেশের অন্যান্য চিনিকলের চেয়ে রাজশাহী চিনিকল অনেক ভালো অবস্থায় আছে।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মজিবর রহমান। বক্তব্য রাখেন রাজশাহী আখচাষি কল্যাণ সমিতির সভাপতি ইয়াসিন আলী। সমাবেশ পরিচালনা করেন রাজশাহী চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মেসবাউল ইসলাম মানু।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com