সোমবার, ০৬ Jul ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজশাহীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগরীর উপকণ্ঠ বাখরাবাদ দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- ওই এলাকার আনিসুর রহমানের মেয়ে আইমিন আক্তার শেলি (১৩) ও জিয়াউর রহমানের মেয়ে জিসা খাতুন (৯)।
কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর ১২টার দিকে ষষ্ঠ শ্রেণির ছাত্রী শেলি ও তৃতীয় শ্রেণি পড়ুয়া জিসা পুকুরে গোসল করতে গিয়ে গভীর পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে পুকুরে অনেক খোঁজখুজি করে। তবে তাদের উদ্ধার করতে পারেননি।
পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। খবর পেয়ে তারা শিশু দুটিকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি জিল্লুর রহমান।
নগরকন্ঠ.কম/এআর