সোমবার, ০৬ Jul ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

এক লাখ টাকাসহ নিখোঁজ শিশু মারুফ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকার ধামরাইয়ে মারুফ নামে ১২ বছরের এক শিশু এক লাখ টাকাসহ নিখোঁজ রয়েছে। সে কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা গ্রামের ফেলু মিয়ার ছেলে। গত ২৫ সেপ্টেম্বর বাড়ি থেকে এক লাখ টাকা নিয়ে উধাও হয় মারুফ। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। এ ঘটনায় ২৭ সেপ্টেম্বর ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা।

নিখোঁজের বাবা ফেলু মিয়া জানান, তার ছেলে গত ২৫ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। সম্ভাব্য স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। তার বাবার গরু বিক্রির ১ লাখ টাকা ঘরে ছিল। ছেলে নিখোঁজ হওয়ার দিন থেকে টাকাগুলোও পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে ওই টাকা নিয়েই মারুফ বাড়ি থেকে বের হয়। ওই টাকার জন্য হয়তো কেউ মেরে লাশ গুম করে ফেলতে পারে বলে আশঙ্কা করছেন তার বাবা ফেলু মিয়া।

এদিকে কুশুরা ইউনিয়নের বৈন্যা গ্রামের বাদশা মিয়ার ১২ বছরের ছেলে আনোয়ার হোসেন কালামপুর যাওয়ার কথা বলে গত ১৭ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। এ ঘটনায় গত ২১ সেপ্টেম্বর সাধারণ ডায়েরি করেন তার বাবা।নিখোঁজের ঘটনায় উভয় পরিবার উদ্বেগ আর উৎকণ্ঠায় দিনাতিপাত করছে।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, তাদের নিখোঁজের ঘটনায় বিভিন্ন থানায় ম্যাসেজ দেওয়াসহ উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com