সোমবার, ০৬ Jul ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

নওয়াপাড়ায় ৩ সাংবাদিকের উপর হামলা, জেডিইউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নওয়াপাড়ায় ঘাট দখলের সংবাদ পত্রিকায় প্রকাশ করার জের ধরে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের (জেডিইউজে) সহ-সভাপতি ও দৈনিক ইত্তেফাকের অভয়নগর সংবাদদাতা মোঃ বদরুজ্জামানসহ ৩ সাংবাদিককে বেধড়ক মারপিট করেছে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা বদরুজ্জামানের অফিসও ভাংচুর করে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। আহত ৩ সাংবাদিকের মধ্যে বদরুজ্জামান ও দবির উদ্দীন প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন এবং গুরুতর আহত মোস্তাক আহমেদকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে অভয়নগর থানায় অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার যশোরের একটি পত্রিকায় নওয়াপাড়ায় ঘাট দখল নিয়ে একটি সংবাদ প্রকাশিত হওয়ার জের ধরে সন্ত্রাসী ফারুক গ্যাং এ হামলা করেছে বলে থানায় অভিযোগ করা হয়েছে।

এদিকে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের (জেডিইউজে) সহ-সভাপতি মোঃ বদরুজ্জামানসহ ৩ সাংবাদিকের উপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নেতারা।

এক বিবৃতিতে সংগঠনের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম বলেন, সাংবাদিকদের উপর হামলা স্বাধীন গণমাধ্যমের পরিপন্থী। তাই অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। অপর এক বিবৃতিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, বিএফইউজের সহকারী মহাসচিব মহিদুল ইসলাম মন্টু এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পদক আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল ও উপদেষ্টা গোলাম সরওয়ার অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com