সোমবার, ০৬ Jul ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় কালামের ১০ দিন রিমান্ড

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরের এক নারীকে (৩৫) বিবস্ত্র করে নির্যাতন এবং ভিডিওচিত্র ধারণের চাঞ্চল্যকর ও বহুল আলোচিত ঘটনায় তিন মামলায় সন্ত্রাসী বাহিনীর প্রধান দেলোয়ারের সহযোগী মামলার ৩ নম্বর আসামি আবুল কালামকে (২২) ১০ দিনের রিমান্ড প্রদান করেছেন আদালত। এছাড়াও ওইদিন রাতে পুলিশের হাতে গ্রেফতারকৃত জড়িত মাইনুদ্দিন সাহেদকে (৫০) দুইদিন রিমান্ড প্রদান করা হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি আইনের দায়েরকৃত এই মামলায় বৃহস্পতিবার (৮অক্টোবর) বিকেলে এই দুই আসামিকে জেলার ৩ নম্বর আমলী আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে পুলিশ।

আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাশফিকুল হক শুনানি শেষে এ রিমান্ডের আদেশ প্রদান করেন। এ নিয়ে গত চার দিনে দিনে ৯ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি আজ সন্ধ্যায় রিমান্ডে থাকা মামলার ২ নম্বর আসামি আবদুর রহিম ও সম্পৃক্ততায় গ্রেফতারকৃত ইউপি সদস্য মেয়াজ্জেম হোসেন সোহাগ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। আবদুর রহিমের জবানবন্দি গ্রহণ করেন ৩ নম্বর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাশফিকুল হক এবং মেয়াজ্জেম হোসেন সোহাগের জবানবন্দি গ্রহণ করেন ১ নম্বর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহেব উদ্দিন খান। জবানবন্দি শেষে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন: রবিবার থেকে শুরু বিসিবি `প্রেসিডেন্টস কাপ’

আদালতের একটি সূত্র জানায়, এ দুইজন ঘটনার সঙ্গে জড়িত ও জানার বিষয়ে স্বীকারোক্তি করে আদালতে জবানবন্দি দিয়েছেন। মামলার ২ নম্বর আসামি আবদুর রহিমের রিমান্ডের মেয়াদ আরও তিনদিন বাকি ছিল এবং মেয়াজ্জেম হোসেন সোহাগের রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার সময় ছিল। কিন্তু তারা দুইজন স্বেচ্ছায় জবানবন্দি দিতে আগ্রহী হওয়া তাদেরকে আদালতে হাজির করা হয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার মো. আলমগীর হোসেন। এ মামলার ৬ নম্বর আসামি সামছুদ্দীন সুমনকে (৩৯) গতকাল সকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা থেকে ওই জেলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) গ্রেফতার করে।

এ দিয়ে মামলায় গতকাল পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে সন্ত্রাসী বাহিনীর প্রধান দেলোয়ার তার প্রধান সহযোগী আবুল কালামকে র‌্যাব গ্রেফতার করে। দেলোয়ার অস্ত্র মামলায় নারায়ণগঞ্জে কারাগারে আটক রয়েছে। তাকে ১৩ নভেম্বর নোয়াখালী আদালতে হাজির করা হবে জানিয়েছেন পুলিশ সুপার। গ্রেফতারকৃতদের মধ্যে ৬ জন মামলার এজাহারভুক্ত এবং অন্য ৫ জন এজাহারবর্হিভুত। রিমান্ডে থাকা আসামিদের তথ্যের ভিত্তিতে এজাহারবর্হিভুত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়েছেন পুলিশ সুপার ।

এদিকে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে গতকাল নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা বিএনপি। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com