সোমবার, ০৬ Jul ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর নিকুঞ্জ-২ এলাকার বাসা থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা পারিবারিক কলহে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন তিনি। আর স্বজনদের দাবি, তাকে হত্যা করা হয়েছে।
নিহত তরুণীর নাম রফিকা রুমা ইতি। তিনি ঢাকার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্রীড়া সাংবাদিকের বোন বলে জানা গেছে। তার স্বামীর নাম মো. জামাল। তার বাড়ি (জামাল) নরসিংদীর রায়পুরা বাঁশগ্রামে। তারা থাকতেন নিকুঞ্জ-২ এলাকার টানপাড়ার জামতলায় মতিউর রহমানের ভাড়া বাড়িতে।
নিকুঞ্জ থানার ওসি বোরহান উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে যুগান্তরকে জানান, তরুণীর আত্মহত্যার খবর পেয়ে শুক্রবার ভোরে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। লাশ নিয়ে তারা ঢাকা মেডিকেলে আছে।
একই থানার সাবইন্সপেক্টর আবদুস সামাদ জানান, আমরা জানতে পেরেছি ওই তরুণী পারিবারিক কলহের কারণে গলায় ওড়না পেঁচিয়ে নিজ বাসায় আত্মহত্যা করেছেন। তাকে উদ্ধার ঢাকা মেডিকেলে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আবদুস সামাদ বলেন, লাশ ময়নাতদন্তের পর মৃত্যু প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।
তিনি জানান, ইতি একটি টিভি চ্যানেলের ক্রীড়া সাংবাদিকের বোন বলে আমরা জানতে পেরেছি।
জামাল হোসেনের ভাই কামাল হোসেন জানান, জামাল ও ইতির সংসারের সাড়ে তিন বছরের ছেলে রয়েছে, নাম ইজাজ। বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়। পরে স্বামী স্ত্রী ঘুমিয়ে পড়ে। ভোর ৫টার দিকে উঠে জামাল হোসেন দেখেন তার স্ত্রী ওড়না গলায় পেঁচিয়ে গ্রিলের সঙ্গে বেঁধে ঝুলন্ত অবস্থায় আছে। তাকে দ্রুত উদ্ধার করে মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নগরকন্ঠ.কম/এআর