সোমবার, ০৬ Jul ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

গাজীপুরে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এফবি ফুটওয়্যার লিমিটেড কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের কর্মীরা প্রায় সাড়ে ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে শনিবার (১০ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ঢাকা সদরদপ্তরের ডিউটি অফিসার সাহফুজ রিবেন এ তথ্য জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের কালিয়াকৈর স্টেশন ও স্থানীয়রা জানান, কালিয়াকৈর উপজেলার উলুসারা এলাকা অবস্থিত এফবি ফুটওয়্যার লিমিটেড নামের জুতার কারখানায় শনিবার বিকেল সোয়া ৪টার দিকে আগুন লাগে। টিনসেটের ওই কারখানা ভবনে জুতা তৈরির কেমিকেল ও জুতার সোলসহ দাহ্য পদার্থ থাকায় মুহূর্তে আগুন পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।

ফায়ার সার্ভিসের গাজীপুরের কালিয়াকৈর, ঢাকার সাভার ইপিজেড. টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনের আটটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এক পর্যায়ে রাত পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ওই কারখানায় থাকা মেশিনপত্র, জুতা তৈরি বিভিন্ন মালামাল পুড়ে যায়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com