সোমবার, ০৬ Jul ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চট্টগ্রামের চান্দগাঁও থানায় রিক্সা থেকে তুলে নিয়ে এক গৃহবধুকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃত ৮ আসামীকে ভিন্ন ভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে মামলার প্রধান আসামী জাহাঙ্গীর আলমকে ৫ দিন এবং অপর ৭ আসামীর ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন চট্টগ্রামের মট্রোপলিটন ম্যাজিট্রেট খাইরুল আমীন।
মামলার অপর ৭ আসামীরা হলো— মো. ইউসুফ (৩২), মো. রিপন (২৭), মো. সুজন (২৪), দেবু বড়ুয়া প্রকাশ জোবায়ের হোসেন (৩১), মো. শাহেদ (২৪), রিন্টু দত্ত প্রকাশ বিপ্লব (৩০) ও মনোয়ারা বেগম প্রকাশ লেবুর মা (৫৫)।
চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাজেস বড়ুয়া আসামীদের রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করে রাইজিংবিডিকে জানান, শনিবার বিকেলে গণধর্ষণ মামলার ৮ আসামীকে আদালতে হাজির করে রিমান্ডের প্রার্থনা করা হয়। আদালত শুনানী শেষে মামলার এক নম্বর আসামীর ৫ দিন এবং অপর ৭ আসামীর ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গতকাল শুক্রবার ভোরে নগরীর চান্দগাঁও থানার মৌলভী পুকুর পার এলাকায় রিক্সা থেকে তুলে নিয়ে এক গৃহবধুকে গণধর্ষণ করে ৮ থেকে ১০ জন। এদের মধ্যে ৪ জন সিএনজি চালক এবং ২ জন পুলিশের সোর্স রয়েছে বলে জানা গেছে। ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনার সাথে জড়িত ৮ আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
নগরকন্ঠ.কম/এআর