সোমবার, ০৬ Jul ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কক্সবাজারের উখিয়া ও রামু উপজেলায় অভিযান চালিয়ে ২ লাখ ৩৯ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে সীমান্তরক্ষা বাহিনী বিজিবির সদস্যরা।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে এক মেইল বার্তায় এ তথ্য জানিযেছেন কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।
তিনি বলেন, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা পশ্চিমপাড়া গ্রামের সৈয়দ আলম মনোয়ারের বাড়িতে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা রয়েছে- এমন সংবাদের ভিত্তিতে বিজিবির বালুখালী বিওপির একটি দল অভিযান চালায়। অভিযানে ১ লাখ ২৮ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
এই ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৮৬ লাখ ২৪ হাজার টাকা বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, একইদিন উখিয়া উপজেলার রত্মাপালং ইউনিয়নের তুলাতলী নামকস্থানে সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি করে মো. জামাল হোসেনের (২১) কাছ থেকে ১ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক দাম ৩ কোটি টাকা।
তিনি আরও জানান, রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের রেজুখাল যৌথ চেকপোস্ট নামকস্থানে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি করে মো. নুরকে (২৮) আটক এবং তার কাছ থেকে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এই ইয়াবার আনুমানিক দাম ৩০ লাখ টাকা।
নগরকন্ঠ.কম/এআর