সোমবার, ০৬ Jul ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মুন্সীগঞ্জের লৌহজংয়ে ঢাকা-মাওয়া সড়কে ‘বসুমতি’ পরিবহনের একটি বাস ও ‘প্রচেষ্টা’ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে একযাত্রী ও হাসপাতালে নেওয়ার পর ‘বসুমতি’ বাসের চালকের মৃত্যু হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে মহাসড়কের চন্দেরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ‘বসুমতি’ বাসের চালক বাদশা ও বাসযাত্রী হেনা বেগম (৬০)। নিহত হেনা বেগম লৌহজং উপজেলার কুমারভোগ এলাকার দলিলউদ্দিনের স্ত্রী।
এ ঘটনায় অস্তত পাঁচ জন আহত হয়েছেন। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মুন্সীগঞ্জের মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) হিলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেলে শিমুলিয়াঘাট থেকে ‘বসুমতি’ পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। চন্দ্রের বাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা শিমুলিয়া ঘাটগামী ‘প্রচেষ্টা’ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হেনা নামের এক বাসযাত্রী মারা যান।
সেসময় স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ‘বসুমতি’ বাসের চালক বাদশার মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে আধাঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিলো বলে জানান টিআই হিলাল উদ্দিন।
নগরকন্ঠ.কম/এআর