সোমবার, ০৬ Jul ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নেত্রকোনার মোহনগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে সোলেমা আক্তার (২২) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সন্ধ্যায় মোহনগঞ্জ পৌর শহরের গরুহাট্টা এলাকার বাসিন্দা হারুন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী হৃদয় মিয়া (২৫) ও শাশুড়ি ফরিদা বেগমকে (৪৮) ওই রাতেই আটক করেছে পুলিশ। এ ছাড়া ময়নাতদন্তের জন্য নিহতের লাশ রাতেই নেত্রকোনা আধুনিক সদর হাসপাল মর্গে পাঠানো হয়েছে।
গতকাল রাত ১২টার দিকে নিহতের পিতা আব্দুর ছাত্তার বাদী হয়ে নিহতের স্বামী হৃদয় মিয়া, শাশুড়ি ফরিদা বেগম, দেবর জয়সহ চারজনকে আসামি করে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত প্রায় ৩ বছর আগে মোহনগঞ্জ পৌর শহরের গরুহাট্টা এলাকার হৃদয় মিয়ার সাথে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারি আব্দুস ছাত্তারের মেয়ে সোলেমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই গৃহবধূ সোলেমা আক্তার নিজের বাবার বাড়িতেই অবস্থান করছিলেন। এরই মধ্যে তিনি ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। একমাস আগে গৃহবধূকে বাড়িতে নেন হৃদয়। এরপর থেকে যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল দাবি করছিল হৃদয় ও তার পরিবার। কিন্তু গৃহবধূ সোলেমা আক্তার যৌতুক দিতে অস্বীকৃতি জানান। এরপর থেকেই স্বামীসহ তার পরিবারের লোকজন তার উপর শারীরীক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকেন। এক পর্যায়ে সোমবার সন্ধ্যায় স্বামী হৃদয় মিয়াসহ তার পরিবারের লোকজন গৃহবধূ সোলেমা আক্তারকে শারীরীকভাবে নির্যাতন করার পর মেয়েটিকে শ্বাসরোধে হত্যার পর লাশ স্থানীয় হাসপাতালে ভর্তি করে। ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে খবর পেয়ে পুলিশ স্থানীয় হাসপাতালে গিয়ে এটি একটি রহস্যজনক মৃত্যু বলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে স্বামী হৃদয় মিয়া ও শাশুড়ি ফরিদা বেগমকে আটক করে।
নিহত গৃহবধূর মা ফুলবানু বলেন, মেয়েকে সাড়ে ৩ লাখ টাকার আসবাবপত্র ও স্বর্ণালঙ্কার দিয়ে হৃদয়ের কাছে বিয়ে দিয়েছিলাম। আজ ওই পাষাণ্ডরা মাত্র একটা মোটরসাইকেলের জন্য আমার মেয়েকে মাইরা ফালাইছে।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি মো. আব্দুল আহাদ খান বলেন, রহস্যজনক এ হত্যাকাণ্ডের ঘটনায় ওই রাতেই নিহতের পিতা বাদী হয়ে স্বামী ও শাশুড়িসহ চারজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনার পরপরই আমরা স্বামী হৃদয় মিয়া ও শাশুড়ি ফরিদা বেগমকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর