সোমবার, ০৬ Jul ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

জমির বিরোধে আওয়ামী লীগ নেতা খুন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নরসিংদীর শিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে রুবেল মোল্লা (৩০) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের চরসুজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুবেল মোল্লা পুটিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চরসুজাপুর গ্রামের জালাল মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পাশাপাশি থাকা জমির সীমানা নিয়ে প্রতিপক্ষ মামুন ভূঁইয়ার সঙ্গে আওয়ামী লীগ নেতা রুবেল মোল্লার বিরোধ চলছিল। জমির এই বিরোধ মীমাংসার জন্য গতকাল দুপুরে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সালিস বৈঠক বসে। এ সময় বৈঠকের বিচারকরা দুই পক্ষের জমির দলিলপত্র দেখে সীমানা নির্ধারণ করে সিদ্ধান্ত দেন। পরে সিদ্ধান্ত অনুযায়ী কখন স্থাপনা সরিয়ে নেওয়া হবে তা নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে রুবেল মোল্লা তাদের থামাতে গেলে প্রতিপক্ষ মামুন লোহার বল্লম দিয়ে রুবেল মোল্লার গলায় আঘাত করে। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় রুবেলকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত ব‌লেন, খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ অভিযুক্ত মামুনকে আটক করেছে। এ সময় হত্যায় ব্যবহৃত লোহার বল্লম উদ্ধার করা হয়। নিহ‌তের লাশ ময়নাতদ‌ন্তের জ‌ন্যে নর‌সিংদী সদর হাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com