সোমবার, ০৬ Jul ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম :শিশুটির বয়স মাত্র ১০ মাস। চট্টগ্রামের একটি বাস কাউন্টারে ছেলেটিকে ফেলে চলে গেছেন মা। ইচ্ছাকৃতই কাজটি করেছেন হয়তো, হয়তো অনিচ্ছাকৃত।
যাই হোক না কেনো, পৃথিবীর সবচেয়ে আপনজনকে হারিয়ে শিশুটি আকাশ-বাতাস ভারি করে তুলেছিলো কান্নাকাটি করে। তার সেই কান্না শুনে কেউ এগিয়ে আসেনি। কোলে তুলে আদর করেনি। কান্না থামানোর জন্য আদুরে কণ্ঠের শান্তনাবাণীও শোনায়নি।
শিশুটির অসহায়ত্ব দেখে অবশেষে এগিয়ে আসেন চট্টগ্রাম মহানগর পুলিশের পাহাড়তলী থানার এস আই সুবীর বিক্রম দে। গত সোমবারের (১২ অক্টোবর) ঘটনা। দিনভর প্রচেষ্টা চালিয়ে পরদিন মঙ্গলবার (১৩ অক্টোবর) শিশুটির অভিভাবদের খুঁজে বের করেন তিনি। শিশুটিকে তুলে দেন তাদের হাতে।
পাহাড়তলী থানার এস আই সুবীর বিক্রম দে বলেন, “আবদুর রহমান নামের ১০ মাস বয়সী শিশুটিকে নগরীর অলংকার মোড় বাস স্টেশনের একটি কাউন্টারে ফেলে রেখে চলে যান তার মা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে প্রথমে গিয়ে শিশুটিকে উদ্ধার করি। পরে শিশুটিকে প্রয়োজনীয় সেবার মাধ্যমে সুস্থ রাখার চেষ্টা করি।
‘শিশুটির সঙ্গে একটা ব্যাগ পাওয়া যায়, যেখানে টিকা দেওয়ার একটি কার্ড ছিলো। ওই কার্ডের সূত্র ধরেই শিশুটির মা-বাবার ঠিকানা খুঁজে বের করা হয়। ঠিকানা লেখা ছিলো বান্দরবান জেলার লামা থানা এলাকায়। সেই সূত্র ধরে চট্টগ্রাম থেকে খুঁজে বের করা হয় শিশুটির নানা-নানিকে।
‘গতকাল মঙ্গলবার পাহাড়তলী থানার ওসি ও অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে শিশুটিকে নানা-নানির হাতে তুলে দেওয়া হয়।”
এদিকে পুলিশের এমন মানবিক কাজে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিশুটির নানা-নানি ও স্বজনরা। তবে কী কারণে শিশুটিকে তার মা ছেড়ে গেছেন পুলিশের পক্ষ থেকে তা প্রকাশ করা হয়নি।
নগরকন্ঠ.কম/এআর