সোমবার, ০৬ Jul ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

সাংবাদিক ইলিয়াস হত্যা মামলা: আদালতে আসামি তুষারের জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নারায়ণগঞ্জের বন্দরে দৈনিক বিজয় পত্রিকার সাংবাদিক ইলিয়াস হত্যা মামলার প্রধান আসামি তুষার হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালতে ওই জবানবন্দি রেকর্ড করা হয়। পরে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আজগর হোসেন জানান, আদালতে তুষার সাংবাদিক ইলিয়াসকে ছুরিকাঘাতে হত্যার দায় স্বীকার করে জবানন্দি দিয়েছেন। জবানবন্দিতে তুষার বলেন সাংবাদিক ইলিয়াসকে তিনি ছুরি দিয়ে একাধিক আঘাত করেছেন।

এর আগে গত ১২ অক্টোবর সাংবাদিক ইলিয়াস হত্যার ঘটনায় আসামি তুষার, মিসির আলী, ও মো. মিনাকে পুলিশ আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষ হলে বুধবার তুষার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। রিমান্ড শেষে অপর দুই আসামি মিছির আলী ও মো. মিনাকে আদালতে হাজির করলে শুনানি শেষে তাদের দুজনকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত রোববার (১১ অক্টোবর) রাতে বাসায় যাওয়ার পথে উপজেলার আদমপুর এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা সাংবাদিক ইলিয়াসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ওই রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত তুষারকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার দেওয়া তথ্য অনুযায়ী ধারালো ছুরিও উদ্ধার করা হয়। পরে রোববার ভোরে জিওধরা এলাকায় অভিযান চালিয়ে মিন্নাত আলী ও মিসির আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় নিহত ইলিয়াসের স্ত্রী আট জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। এতে আসামি করা হয় তুষার, মিন্নাত আলী, মিসির আলী, হাসনাত আহমেদ, মাসুদ, সাগর, পাভেল ও হযরত আলীকে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com