সোমবার, ০৬ Jul ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মানিকগঞ্জে দৌলতপুর উপজেলায় নূর-উজ-জামান সিদ্দিকী (২৩) নামের এক ইন্টার্নি ছাত্র (ম্যাটস) নিখোঁজ হয়েছেন। সে কলিয়া ইউনিয়নের পাচকুলিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যার দিকে কালিদহ এলাকার সিলমপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে ।
বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. হাসমত উল্লাহ জানান, নিখোঁজ ওই তরুণ ম্যাটস এর শেষ বর্ষের ছাত্র। সে ও তার বন্ধু মানিকগঞ্জ সদর হাসপাতালে ইন্টার্ন করছে। নিখোঁজ ওই তরুণ তার বন্ধু এখলাসুর রহমানকে নিয়ে নিজের বাড়িতে ঘুরতে আসে। উলাইল বাজারে এক মসজিদে মাগরিবের নামাজের পরে তারা কালিদহর সিলামপুর ব্রিজের উপর দাড়িয়ে ছিল। পরে হঠাৎ করে তার পায়ের একটি জুতা ব্রিজের নিচে পানিতে পরে যায়।
তার পরিহিত জামা-কাপড় খুলে জুতা নিয়ে আসার সময় হঠাৎ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। ব্রিজের উপরে থাকা তার বন্ধু চিৎকার শুনে লোকজনকে ডাকাডাকি করে। পরে স্থানীয়রা নৌকা নিয়ে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও ওই যুবককে আর পায়নি। সন্ধ্যার দিকে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে যুবকটিকে উদ্ধার করার চেষ্টা করেছে। রাত বেশি হওয়াতে আগামীকাল সকালে ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার অভিযান চালানো হবে বলেও জানান তিনি।
নগরকন্ঠ.কম/এআর