সোমবার, ০৬ Jul ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে জিআর মামলার আসামীকে ছিনিয়ে নিয়েছে স্বজনরা। বুধবার (১৪ অক্টোবর) রাতে বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সন্ধ্যা সাড়ে সাতটায় বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মাঝে বানিয়াচং থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ তোহাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দুইটি জিআর মামলার আসামী ও দক্ষিণ সাঙ্গর গ্রামের রমজান আলীর ছেলে বুলবুল মিয়াকে গ্রেপ্তার করতে কয়েকজন পুলিশ সদস্য ওই গ্রামে যান। এরপর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে (আসামী বুলবুল মিয়া) গ্রেপ্তার করে নিয়ে আসার পথে মক্রমপুর ইউনিয়ন পরিষদের সদস্য শেখ মমিন মিয়া ও আসামীর ভাই বদরুল মিয়াসহ একদল লোক পুলিশের ওপর হামলা করে। তখন হামলাকারীরা পুলিশ সদস্যদের মারধর করে এ আসামীকে ছিনিয়ে নেয়।
এ হামলায় বানিয়াচং থানার এএসআই মোহাম্মদ তোহা, এএসআই সোহেল ও কনস্টেবল হাতিমুর রহমান আহত হন। এদের মাঝে এএসআই তোহাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানান, এএসআই তোহার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। চিকিৎসকদের সাথে কথা বলে পরবর্তী অবস্থা জানানো হবে।
বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম মিয়া জানান, আসামী গ্রেপ্তারের পর ইউনিয়ন পরিষদের সদস্য শেখ মমিন মিয়া ও বদরুলসহ লোকজন পুলিশকে মারধর করেছে। তারা আসামী বুলবুলকে ছিনিয়ে নেয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। হামলাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
নগরকন্ঠ.কম/এআর