সোমবার, ০৬ Jul ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে পুলিশ সদস্যদের ওপর হামলার করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ সেলিম এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারের মধ্যে দুইজনের নাম হাবিব ও সিরাজুল। বাকি দুইজনের পরিচয় এখনও পুলিশের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।

তিনি জানান, বুধবার সন্ধ‌্যায় (১৪ অক্টোবর) পুলিশের ওপর হামলা করে আসামি নিয়ে যাওয়ার ঘটনায় মামলা হয়েছে। বানিয়াচং থানায় এ মামলাটি রেকর্ড হয়। এতে বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। ছিনিয়ে নেওয়া বাকি আসামিদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

পুলিশ জানায়, বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামের বাসিন্দা ও দুইটি জিআর মামলার পলাতক আসামি বুলবুল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে থানায় নিয়ে যাওয়ার পথে মক্রমপুর ইউনিয়ন পরিষদের সদস্য মনির মিয়া ও বদরুল মিয়াসহ কয়েকজন পুলিশের ওপর হামলা করে। সে সময় তারা গ্রেপ্তার হওয়া বুলবুলকে ছিনিয়ে নেয়।

হামলায় বানিয়াচং থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ তোহাসহ তিনজন আহত হন। এএসআই তোহার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। ঘটনার রাতেই তাকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নেওয়া হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com