সোমবার, ০৬ Jul ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

বাড়ি পৌঁছানোর কথা বলে গণধর্ষণ, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা বাদি হয়ে আড়াইহাজার থানায় ধর্ষণ মামলা করেন।

অভিযুক্তরা হলো- উপজেলার ব্রাহ্মন্দী এলাকার মোতালিবের ছেলে নজরুল (২৫) ও বাদল (৩৭) এবং বাদলের বন্ধু একই এলাকার মধ্যপাড়ার আবুল হোসেনের ছেলে মুছা (২৪)।

গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পুলিশ তাদের গ্রেপ্তার করে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গণধর্ষণের শিকার ওই কিশোরী আড়াইহাজার উপজেলার একটি মহিলা মাদ্রাসার ৮ম শ্রেণির আবাসিক ছাত্রী। নিজের নাম-পরিচয় গোপন করে তার সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে অভিযুক্ত নজরুল। তার ছদ্ম নাম হলো সাগর।

গত সোমবার (১২ অক্টোবর) সকালে ওই কিশোরী মাদ্রাসা থেকে বাসায় যায়। সেদিন সন্ধ‌্যায় পরীক্ষার ফি দিয়ে তাকে আবার মাদ্রাসায় পাঠিয়ে দেয় তার মা। আধা ঘণ্টা পর কিশোরীর মা মাদ্রাসায় গিয়ে জানতে পারেন তার মেয়ে মাদ্রাসায় পৌঁছায়নি।

এদিকে বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার পথে ওই কিশোরী অভিযুক্ত নজরুলের সঙ্গে দেখা করে। সেখানে তার কাছে নজরুলের পরিচয় প্রকাশ পেয়ে যায়। প্রতারণা করে নিজের পরিচয় গোপন করায় কিশোরী চলে আসার চেষ্টা করলে নজরুল বাঁধা দেয় এবং ধর্ষণের চেষ্টা চালায়।

সেসময় নজরুলের বড় ভাই বাদল ও তার বন্ধু মুছা দেখতে পেয়ে ওই কিশোরীকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে নজরুলকে তাড়িয়ে দেয়। পরে রাত সাড়ে ৮টার দিকে ব্রান্মন্দী এলাকার রবীন্দ্র বাবুর পুকুর পাড়ের একটি জঙ্গলে নিয়ে পালাক্রমে বাদল ও মুছা ধর্ষণ করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, গণধর্ষণের ঘটনায় ছাত্রীর মা মামলা দায়ের করেছে। মামলায় তিন জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com