সোমবার, ০৬ Jul ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

টেকনাফে ৭১ হাজার ইয়াবা উদ্ধার, রোহিঙ্গা যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক অভিযানে ৭১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে এক মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফের বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, টেকনাফ উপজেলার হোয়াইক্যং লম্বাবিল এলাকায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে বিজিবির হোয়াইক্যং বিওপির একটি টহলদল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সেখানে অভিযান চালায়। পরে লম্বাবিল এলাকার মাছের প্রজেক্ট থেকে একটি বস্তায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

অপরদিকে, টেকনাফের লেদা বিওপি’র একটি টহলদল একই দিন রাতে লেদাখাল এলাকায় দুই ব্যক্তিকে নাফ নদীর তীর ধরে আসতে দেখে চ্যালেঞ্জ করে। বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। তাদের ধাওয়া করে একটি বস্তাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করতে সক্ষম হয় বিজিবির সদস্যরা। ওই বস্তা থেকে ৪১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক সৈয়দ আলম (২২) কক্সবাজারের উখিয়া উপজেলার জামতলী রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে ইয়াবাসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে জানান বিজিবি এই কর্মকর্তা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com