সোমবার, ০৬ Jul ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

সাতক্ষীরায় ৪ খুন: রায়হানের রিমান্ড শুনানি রোববার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সাতক্ষীরার কলারোয়ায় স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তানসহ চার জনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার রায়হানুলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আগামী রোববার (১৮ অক্টোবর) তার রিমান্ড শুনানি হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ‌্যা ৬টার দিকে এ তথ‌্য নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি ইন্সপেক্টর তরিকুল ইসলাম।

তিনি জানান, নিহত শাহিনুরের আপন ছোটো ভাই রায়হানুলকে গ্রেপ্তার দেখিয়েছে সিআইডি পুলিশ। তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। আগামী রোববার তার রিমান্ডের শুনানি হবে। বর্তমানে তাকে জেল হাজতে রাখা হয়েছে।

উল্লেখ‌্য, কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলশী গ্রামে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে স্বামী-স্ত্রীসহ দুই সন্তানকে হত‌্যা করা হয়।
নিহতরা হলেন- খলসি গ্রামের শাহাজান আলীর ছেলে মো. শাহীনুর রহমান (৩৯), তার স্ত্রী সাবিনা খাতুন (৩৩), ছেলে সিয়াম হোসেন মাহী (১০) এবং মেয়ে তাসলিম সুলতানা (৮)। তবে ওই পরিবারের পাঁচ মাসের শিশু মারিয়াকে হত্যা করা হয়নি।

সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার রাতেই ব্রজবাক্স গ্রামে নিহত শাহিনুরের মামা আবদুল কাদেরের পারিবারিক গোরস্থানে নিহতদের দাফন সম্পন্ন হয়।

এদিকে, ঘটনার দিন নিহত শাহীনুর রহমানের ছোট ভাই রায়হানুল ইসলাম সাংবাদিকদের জানান- প্রায় কোটি টাকা মূল্যের সাড়ে ১৬ শতক জমি নিয়ে প্রতিবেশী ওয়াজেদ কারিগরের ছেলে আকবর কারিগরের সঙ্গে ২২ বছর ধরে মামলা চলে আসছে। সেই বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

তবে জিজ্ঞাসাবাদের পর সিআইডি রায়হানকেই গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ‌্যমে জেল হাজতে পাঠিয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com