সোমবার, ০৬ Jul ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : টাঙ্গাইলের সখিপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নাসির উদ্দিন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নাসির উপজেলার প্রতিমা বংকী গ্রামের সাদেক আলীর ছেলে। সে সখিপুর পিএম পাইলট গভ. স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলো।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নাসির মোটরসাইকেল নিয়ে সখিপুর থেকে বাড়ি ফিরছিলো। ঢাকা-সখিপুর সড়কের প্রতিমা বংকী এলাকায় পৌঁছে একটি মুরগি বহনকারী ট্রাককে ওভারটেক করতে যায়। সেসময় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থা গুরুতর হলে রাতেই তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় ইউপি সদস্য আলতাব হোসেন নাসিরের মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি দুঃখজনক। ছেলেটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
নগরকন্ঠ.কম/এআর