সোমবার, ০৬ Jul ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

গোপালগঞ্জে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নানা কর্মসূচির মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উদযাপিত হয়েছে।

আজ রোববার (১৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে সরকারি শিশু পরিবারের সম্মেলনকক্ষে জন্মদিনের কেক কাটা হয়। অতিথিরা সরকারি শিশু পরিবারের অর্ধশত শিশুকে কেক খাইয়ে দেন। পরে সেখানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, শিশু পরিবারের তত্ত্বাবধায়ক মো. মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরদিকে, টুঙ্গিপাড়ায় শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা বের করে শেখ রাসেল শিশু নিকেতনের শিশুরা। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেখ রাসেল পৌর শিশু পার্কে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানায় শিশুরা।

এরপর কেক কাটা হয়। পরে শেখ রাসেল শিশু নিকেতনের প্রধান শিক্ষক শেখ সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভায় উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জোনাকী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোকরান বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস বক্তব্য রাখেন।

জেলার অন্য তিন উপজেলায়ও নানা কর্মসূচিতে জন্মদিন উদযাপিত হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com