সোমবার, ০৬ Jul ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

গাজীপুরে র‌্যাবের অভিযানে ২ জঙ্গি আটক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজিবি) সক্রিয় দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব-১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক দুইজন হলেন, ময়মনসিংহের কোতয়ালি থানার মীলকান্দা গ্রামের সারোয়ার হোসেন সবুজ (২০) এবং হালুয়াঘাট থানার করুয়াপাড়া গ্রামের এহসানুল হক (২৪)। তারা শ্রীপুর উপজেলার মাওনা এলাকার দুটি মসজিদের ইমাম।

র‌্যাব জানায়, শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে র‌্যাব-১ এর একটি দল গোপন সংবাদে জানতে পারে- সন্ত্রাসী দলের কয়েকজন সদস্য শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের সামনে মাঠে একত্রিত হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে দুইজনকে আটক এবং তাদের শরীর তল্লাশি করে ১০টি উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা হুজির সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে বলে স্বীকার করেছেন। তারা দেশের অভ্যন্তরে নাশকতার পরিকল্পনা করছিল বলে র‌্যাব জানিয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com