সোমবার, ০৬ Jul ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

অস্ত্র মামলায় তিন দিনের রিমান্ডে রনি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাস থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় করা মামলায় মাহবুবুর রহমান রনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ওই ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে নববধূকে গণধর্ষণের মামলায় ২ নম্বর আসামি রনি।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রনিকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে হাজির করে তার চার দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) অমূল কুমার চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৫ সেপ্টেম্বর রাতে এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে আসে এক দম্পতি। রাত সাড়ে ৯টার দিকে স্বামীকে আটকে রেখে কলেজ ছাত্রাবাসে নববধূকে ধর্ষণ করে কয়েকজন যুবক। এ ঘটনায় ছাত্রলীগের ছয় কর্মীর নাম উল্লেখসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন ওই গৃহবধূর স্বামী।

আসামিরা হলো—এমসি কলেজ ছাত্রলীগের নেতা সাইফুর রহমান, কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র শাহ মাহবুবুর রহমান রনি, মাহফুজুর রহমান, অর্জুন লস্কর, বহিরাগত রবিউল ইসলাম ও তারেক। সব আসামিই কারাগারে আছে। তারা দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছে।

ওই রাতে সাইফুর রহমানের কক্ষ থেকে বেশকিছু অস্ত্র উদ্ধার করে পুলিশ।

অস্ত্র মামলায় ছাত্রলীগ নেতা ও গণধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর রহমানেরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com