সোমবার, ০৬ Jul ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের সাংবাদিকদের সঙ্গে প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কিশোরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। আজ সোমবার রাজধানী থেকে প্রধান অতিথি হিসেবে জুম প্রযুক্তিতে যুক্ত হয়ে তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের খোঁজখবর নেওয়াসহ তাঁদের কল্যাণে প্রেস কাউন্সিলের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন।

তিনি বলেন, আমাকে প্রধানমন্ত্রী এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার পর সাংবাদিকতা ও গণমাধ্যম জগতের উন্নয়নে কিছু করার চেষ্টা করেছি। সাংবাদিকরা যেন কোনো ধরনের অযাচিত বিপদে না পড়েন, সে ব্যাপারেও আইনগত পদক্ষেপ নেয়ার চেষ্টা করেছি। তবে এ বিষয়ে আরো অনেক কিছু করার আছে। সেদিকে অবশ্যই নজর রাখা হবে। বিশেষ করে রাজধানীর বাইরের সাংবাদিকতার উন্নয়নে নজর দেওয়া হবে।

মুজিববর্ষ উপলক্ষে জেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ প্রেস কাউন্সিলের মতবিনিময়সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা কয়েকটি বইসহ বেশ কিছু ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বই উপহার দেওয়া হয়। প্রেস কাউন্সিল কর্মকর্তা অর্জুন কুমার রায় কিশোরগঞ্জ গিয়ে প্রেস ক্লাবের কর্মকর্তাদের হাতে বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী, আমার দেখা নয়াচীন, প্রিজন ডায়রিস ও কারাগারের রোজনামচাসহ বিভিন্ন বরেণ্য লেখকের মোট ৪০টি বই তুলে দিয়েছেন।

কিশোরগঞ্জ প্রান্ত থেকে সংযুক্ত হয়ে প্রেস কাউন্সিল চেয়ারম্যানকে বই প্রদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সহসভাপতি শফিক আদনান, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ও সাংবাদিক কল্যাণ সম্পাদক মো. আল আমিন।
নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com