সোমবার, ০৬ Jul ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

চন্দনাকে ভোলেননি ইউএনও, দিলেন পূজার উপহার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ৯ বছরের শিশু চন্দনা। সেদিন তার চোখের সামনে সৎবাবার দায়ের কোপে মরতে হয়েছে মা আর নানিসহ দুই প্রতিবেশীকে। তবে ভাগ্য ভালো থাকায় সেদিন পালিয়ে বেঁচে যায় সে। সবাইকে হারিয়ে নিঃস্ব চন্দনার ঠাঁই হয় শ্রীমঙ্গল সরকারি শিশু পরিবারে। সেই চন্দনাকে সবাই ভুলে গেলেও মনে রেখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। তাইতো শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চন্দনাকে উপহার দিয়েছেন তিনি। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান তাঁর কার্যালয়ে চন্দনার হাতে পূজার উপহার তুলে দেন।

প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি রবিবার ভোরে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লাথল চা-বাগানে পারিবারিক কলহ নিয়ে নির্মল কর্মকারের সঙ্গে তার স্ত্রী জলি বুনার্জির ঝগড়া হয়। এরই জের ধরে সে জলিকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ সময় জলিকে বাঁচাতে তাঁর মা লক্ষ্মী বুনার্জি ও পাশের ঘরের বসন্ত ভৌমিক এবং বসন্তের মেয়ে শিউলী ভৌমিক এগিয়ে এলে নির্মল তাদেরও কুপিয়ে হত্যা করে। ঘটনার সময় ঘাতক সৎবাবার দায়ের কোপ থেকে কোনোমতে বেঁচে যায় চন্দনা বুনার্জী। সে দৌঁড়ে পালিয়ে গিয়ে চিৎকার দিলে আশাপাশের শ্রমিকরা বাড়ি ঘেরাও করে। একে একে সবাইকে শেষ করে ঘরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে নির্মল। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে চন্দনার ঠাঁই হয় শ্রীমঙ্গল সরকারি শিশু পরিবারে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com