সোমবার, ০৬ Jul ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

স্বামীর দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় স্ত্রীর মুখে সিগারেটের সেঁক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নেত্রকোনার বারহাট্টায় স্বামীর অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন মণি আক্তার (৩০) নামের এক গৃহবধূ।

মঙ্গলবার সকালে উপজেলার মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দুপুরে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ওই গৃহবধূ মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর বরহাটি গ্রামের মৃত আব্দুল বারেক তালুকদারের মেয়ে। অভিযুক্ত স্বামীর নাম মো. হাজিবুল উপজেলার সিংধা ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মৃত খুরশেদ মিয়ার ছেলে।

নির্যাতিত গৃহবধূ মণি আক্তার জানান, আমার স্বামী হাজিবুল প্রথমে আমার বড় বোন নাসিমাকে বিয়ে করে। বিয়ের পর তিনটি সন্তান রেখে আমার বোন মারা যান। বোনের সন্তানদের দেখাশোনার কথা বিবেচনা করে ১১ বছর আগে বোনের স্বামী হাজিবুলের সঙ্গে পরিবারের সম্মতিতে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি কাজের জন্য ঢাকা চলে যান। আমার তেমন খোঁজখবর নিতেন না। আমি বেশির ভাগ সময় বাবার বাড়িতে থাকতাম। মাঝেমধ্যে বাড়ি আসত হাজিবুল। এর মধ্যে গত ৯ অক্টোবর আমার একটি কন্যাসন্তান হয়।

তিনি আরো বলেন, আমার স্বামী কয়েক দিন আগে নতুন বউ নিয়ে বাড়িতে আসে। আমি এর প্রতিবাদ করায় আমাকে নির্যাতন করে সে। আজ সকালে আমাকে কিল-ঘুষি শুরু করে। সিজারের সেলাই করা পেটে লাথি মারলে রক্তক্ষরণ হয়। একপর্যায়ে সিগারেট দিয়ে আমার মুখে সেঁক দেয়। পরে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করেন।

ওই গৃহবধূর ফুফাতো ভাই নূরুজ্জামান কাঞ্চন জানান, এ ঘটনায় বারহাট্টা থানায় মামলার প্রস্তুতি চলছে।

বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com