রবিবার, ০৫ Jul ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

গোপালগঞ্জে পিসিআর ল্যাব: করোনার নমুনা পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিক‌্যাল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে এ ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার কার‌্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান- আগে ঢাকা, খুলনা ও ফরিদপুরে পরীক্ষার জন্য নমুনা পাঠাতে হতো। ২/৩ দিন পর করোনা পরীক্ষার রেজাল্ট পাওয়া যেতো। এতে অনেক সমস‌্যা হচ্ছিলো। জেলাবাসীর অনেক দিনের চাওয়া ছিলো গোপালগঞ্জেই যেনো ল‌্যাব প্রতিষ্ঠা করা হয়। এখন সেই চাওয়া পূর্ণ হয়েছে।

এ ল্যাবে প্রতি শিফটে ৯৪টি করে নমুনা পরীক্ষা করা যাবে। প্রতিদিন ৩/৪ শিফটে দুই থেকে তিনশ’ নমুনা পরীক্ষা করা হবে। ল্যাবটিতে ১৪ জন চিকিৎসক ও ১০ জন টেকনোলজিস্ট কাজ করবেন।

গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিক‌্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. খান গোলাম মোস্তফা বলেন, ‘এখানে ল্যাব স্থাপনের ফলে জেলাবাসী সুফল ভোগ করবেন। আজ থেকে জেলাবাসী প্রতিদিনই করোনা পরীক্ষার রেজাল্ট পাবেন। এ জেলাসহ আশপাশের জেলার মানুষও এখান থেকে ১০০ টাকার খরচ করে করোনা পরীক্ষা করতে পারবেন।’

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, ‘এই এলাকার মানুষের জন্য একটি বড় চাওয়া ছিলো করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপন। আজ গোপালগঞ্জবাসীর সে আশা পূরণ হলো।’

করোনার দ্বিতীয় ওয়েবকে মোকাবেলা করতে এ পিসিআর ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।

এর আগে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের প্রচেষ্টায় ‘সামিট গ্রুপ’ গোপালগঞ্জে এ পিসিআর ল্যাব স্থাপন করে।

ল‌্যাব উদ্বোধনের সময় মেডিক‌্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. খান গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, বিএমএ সাধারণ সম্পাদক ডা. হুমায়ুন কবিরসহ চিকিৎসক ও টেকনোলজিস্টরা উপস্থিত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com