রবিবার, ০৫ Jul ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নগরকন্ঠ.কম : সাদা বাড়ির কেয়ার-টেকার ও মিস্টার পাম্প সাহেবের কথোপকথন-
‘ভাই, আপনি হেরে গেছেন! মিস্টার হাইডেন সাহেব এখন সাদা বাড়ির নতুন মালিক। আপনাকে চলে যেতেই হবে সাদা বাড়ি ছেড়ে!’
‘আরে রাখো মিয়া, চার বছর বাড়ি আমার দখলে ছিল। বললেই হল হাইডেন মালিক? সরো রাস্তা থেকে! সরো! আর আমাকে ভাই বল কেন? স্যার বল স্যার! আমি কি পচে গেছি নাকি! কত বড় সাহস! আমাকে বলে সাদা বাড়ি ছেড়ে যেতে? বলি, পাম্প কি গাছে ধরে! আমার মতো বাড়ির মালিক আর পাবে কেউ? আরে আমি হলাম, আমি হলাম…(মাথা চুলকাতে চুলকাতে) ইয়ে মানে ভুলে গেছি, আমি কে!’
‘ওকে! ওকে! দেখুন, আপনি সাদা বাড়ির মালিক ছিলেন, কিন্তু এখন তো, হাইডেন সাহেব নতুন মালিক। নতুন বাড়িওয়ালাকে স্বাগত জানিয়ে আপনাকে বিদায় দেয়া আমাদের কর্তব্য। আপনার বিদায় বেলায় আমরা আপনার জন্য বিশেষ পার্টির এন্তেজাম করেছি। কিন্তু আপনাকে সাদা বাড়ি ছাড়তেই হবে!’
‘এ্যাঁ…বললেই হল! গত মাসে যে, আমি আমার বউয়ের পছন্দের নতুন পর্দা কিনলাম? টয়লেটের দরজায় যে নতুন লক লাগালাম- এগুলো ছেড়ে যাওয়া সহজ কথা! ফ্রিজে গত সপ্তাহে নতুন কিছু গাজর আনিয়ে রেখেছি! সেগুলো না খেয়ে চলে যাব? ধ্যাৎ, কিচ্ছু ভালো লাগে না!’
বাইরে তুমুল হর্ষধ্বনি! হাইডেনের আগমন, শুভেচ্ছা স্বাগতম!
০২.
পাম্প এবং হাইডেন সাদা বাড়ির ড্রইংরুমে মুখোমুখি বসে আছেন।
পাম্প : দেখেন, আমি যাব না… এখানে আমার সাজানো সংসার! এ সংসারে আমি নন-স্টিক ফ্রাইপ্যান থেকে দুধের ডিব্বা, সুইচ থেকে কমোড, চাল থেকে চিড়া থুক্কু কর্নফ্লেক্স- সব আমার আমলে কেনা, কেমনে ছেড়ে যাই? সম্ভব এটা? যামু না! আমি অধিকার চাই অধিকার! গণতান্ত্রিক অধিকার!
হাইডেন : ‘আমি বাড়ির নতুন মালিক। মানে মানে কেটে পড়ুন মশাই!’
পাম্প : আমি অনশন করব! তবু বাড়ির দখল ছাড়ব না!
হাইডেন : ঝামেলা কর না তো! বিদায় হও বৎস!
পাম্প : না…আ…আ…আ…!
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, মিস্টার পাম্প সাদা বাড়ির ড্রইংরুমে গেঁট হয়ে বসে আছেন! অন্যদিকে হাইডেন সাহেব মাথা চুলকাতে চুলকাতে বাড়ির দখল নিতে নতুন নতুন পরিকল্পনার ছক কষছেন!
নগরকন্ঠ.কম/এআর