রবিবার, ০৫ Jul ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা নভেম্বর মাসেও দুই বিলিয়ন বা ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। গত মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২ দশমিক শূন্য ৭ বিলিয়ন বা ২০৭ কোটি ডলার। নভেম্বরসহ টানা তিন মাস ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এলো দেশে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২০৭ কোটি ৮৭ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ১৭ হাজার ৬৬৮ কোটি টাকা। ২০১৯ সালের নভেম্বরে দেশে ১৫৫ কোটি ৫২ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে চলতি বছরের নভেম্বরে রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছে ৩৩ দশমিক ৬৬ শতাংশ।চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেকর্ড ২৫৯ কোটি ৮২ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠান প্রবাসীরা। এরপর আগস্টেও ১৯৬ কোটি ৩৯ লাখ ডলার রেমিট্যান্স আসে। সেপ্টেম্বর ও অক্টোবরে দেশে রেমিট্যান্স আসে যথাক্রমে ২১৫ কোটি ১০ লাখ ও ২১১ কোটি ২৪ লাখ ডলার।