রবিবার, ০৫ Jul ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
নিলামে উঠছে একটি বাঘের কঙ্কাল। আর এর ভিত্তিমূল্য কিনা ৬০ হাজার সুইস ফ্রাঁ। বাংলাদেশি টাকায় বদলালে ৫৭ লাখ টাকার সাথে এর বিনিময় করতে হয়। চোখ কি কপালে উঠছে?
তবে যদি শোনেন বাঘটি যেনতেন বাঘ নয়, এর বয়স প্রায় চার কোটি বছর! তবে হয়তো কিছুটা আশ্বস্ত হবে, এর দাম তো বেশি হবেই!
ইতোমধ্যে বাঘটি নিলামে তোলার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভার বিখ্যাত পিগুয়েট নিলাম ঘর। তারা জানিয়েছে, আজ ৮ ডিসেম্বর, মঙ্গলবার জেনেভার স্থানীয় সময় রাত ৯টায় নিলামের হাতুড়ির বাড়ি পড়বে।
বিশেষ এই বাঘের কঙ্কালটির বিষয়ে নিলামকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, বলিষ্ঠ ‘হপ্লোফোনাস’জাতের প্রাণীটি আধুনিক বাঘের মতোই দেখতে ছিল। এটির আনুমানিক বয়স ৩ কোটি ৭০ লাখ বছর। শুধু তা-ই নয়, এই কঙ্কালের সামনের দুটি দাঁত বড় এবং ধনুকের মতো বাঁকা। যেমনটা দেখা যায় প্রাগৈতিহাসিক যুগের পশুদের নিয়ে তৈরি সিনেমায়। প্রায় ১৬০ কেজি ওজনের কঙ্কালটি মার্কিন যুক্তরাষ্ট্রের ডাকোটা থেকে উদ্ধার করা হয়। ৩২৩ নম্বর নিলাম লটে তোলা হচ্ছে কঙ্কালটি।
পিগুয়েটের ডিরেক্টর বার্নাড পিগুয়েট বলেছেন, ‘এই কঙ্কালটি বিরল আরো একটি কারণে। এই কঙ্কালটির প্রায় ৯০ শতাংশ উদ্ধার হয়েছে।’