রবিবার, ০৫ Jul ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

চাল-তেল-আলু-ময়দার দাম ফের বেড়েছে

অনলাইন ডেস্ক: রাজধানীর বাজারে ফের দাম বেড়েছে চাল এবং সয়াবিন তেলের। এর ফলে টানা তৃতীয় সপ্তাহে চাল এবং তেলের দাম বাড়ল। চাল-তেলের সঙ্গে দফায় দফায় পেঁয়াজ, আলু এবং ময়দার দামও বাড়ছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

টিসিবির দেয়া তথ্য অনুযায়ী- গত এক সপ্তাহে মিনিকেট ও নাজির চালের দাম বেড়েছে ৭ দশমিক ৭৬ শতাংশ। এর মাধ্যমে মিনিকেট ও নাজির চালের কেজি বেড়ে ৬০-৬৫ টাকা হয়েছে। আগের সপ্তাহে ছিল ৫৬-৬০ টাকা। চালের পাশাপাশি সয়াবিন তেলের দামও গত এক সপ্তাহে বেড়েছে। টিসিবি বলছে, গত এক সপ্তাহে ৫ লিটারের সয়াবিন তেলের বোতলের দাম ১ দশমিক ৯০ শতাংশ বেড়ে ৫১০-৫৬০ টাকা হয়েছে। ১ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ৬ দশমিক ৬৭ শতাংশ বেড়ে ১১৫-১২৫ টাকা হয়েছে।

কয়েক মাস ধরেই চড়া থাকা আলুর দাম মাঝে কিছুটা কমলেও আবারও আগের অবস্থায় ফিরেছে সবচেয়ে বেশি চাহিদার এই সবজিটি। এক সপ্তাহের ব্যবধানে ১১ দশমিক ৮৪ শতাংশ বেড়ে প্রতি কেজি আলু ৪০-৪৫ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম ৪ দশমিক ৫৫ শতাংশ বেড়ে কেজি ৫০ থেকে ৬৫ টাকা হয়েছে। অন্যদিকে আমদানি করা পেঁয়াজের কেজি ১৬ দশমিক ৬৭ শতাংশ বেড়ে ৩০-৪০ টাকা হয়েছে।

অন্য দিকে ছোলা, জিরা, ডিম এবং ময়দার দামও বাড়ছে। ছোলার দাম সপ্তাহের ব্যবধানে ৩ দশমিক ৪৫ শতাংশ বেড়ে ৭০ থেকে ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। জিরার কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৪০০ টাকা। এতে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ৪ দশমিক ৬২ শতাংশ। ডিমের দাম ৬ দশমিক ৯০ শতাংশ বেড়ে হালি ৩০ থেকে ৩২ টাকায় বিক্রি হচ্ছে। আর ৬ দশমিক ২৫ শতাংশ বেড়ে প্যাকেট ময়দার কেজি ৪০ থেকে ৪৫ টাকা বিক্রি হচ্ছে বলে জানিয়েছে টিসিবি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com