সোমবার, ০৬ Jul ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

সরবরাহ দিতে হিমসিম খাচ্ছেন গাছিরা

ঠাকুরগাঁওয়ে প্রথমবারের মতো খেজুরের রস থেকে গুড় তৈরি শুরু হয়েছে চিনিকলের একটি খেজুর বাগান থেকে। প্রাকৃতিক পরিবেশে তৈরিকৃত গুড়ের চাহিদা বেশি হওয়ায় সরবরাহ দিতে হিমসিম খাচ্ছেন গাছিরা। গুড় কিনতে ভিড় করছেন শতশত ক্রেতা। ভিড় করছেন দর্শনার্থীরাও।

ঠাকুরগাঁও সদর উপজেলার বোচাপুকুর মোহন ইক্ষু খামারের পাশে ঠাকুরগাঁও চিনিকলের একটি খেজুর বাগান রয়েছে। দীর্ঘদিন পর চিনিকল কর্তৃপক্ষ খেজুর বাগানটি বাণিজ্যিক উদ্দেশ্যে লিজ দেয় এবার। রাজশাহীর ৭ জন গাছি ২২ হাজার টাকায় এবার বাগানটি প্রথমবারের মতো লিজ নেয়। লিজ নিয়েই তারা খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরি শুরু করে।

গাছের পরিচর্যাসহ রস সংগ্রহের জন্য গাছিরা এখন পর্যন্ত ১ লাখ ২০ হাজার টাকা ব্যয় করেছেন। বাগানে মোট ৬’শ খেজুর গাছের মধ্যে প্রতিদিন ৪’শ গাছ থেকে গড়ে ৫’শ লিটার রস সংগ্রহ করা হচ্ছে। এতে গড়ে ৮০ কেজি করে গুড় তৈরি হচ্ছে। গুড় ও রস বিক্রি করে গাছিরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

গাছি সুজন আলী জানান, প্রাকৃতিকভাবে ও নির্ভেজাল গুড় তৈরি করায় এখানকার গুড় ও রসের চাহিদা অনেক। এখানকার উৎপাদিত গুড় তাদের বাজারে নিয়ে বিক্রি করতে হয় না। ক্রেতারা এখান থেকে রস ও গুড় কিনে নিয়ে যায়।

তিনি আরো জানান, অনেকে এক সপ্তাহ আগেই রস ও গুড় নেওয়ার জন্য অগ্রিম টাকা দিয়ে রাখলেও তাদের আমরা অনেককে রস ও গুড় দিতে পারছি না। গাছ থেকে রস কম উৎপাদন হওয়ার কারণে ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না।

বর্তমানে এখানে এক লিটার খেজুর রস ৫০ টাকা দরে ও এক কেজি গুড় ১’শ ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বালিয়াডাঙ্গী উপজেলা থেকে আসা হুসাইন আহম্মদ নামে একজন ক্রেতা জানান, সকাল ৭টায় এসেও তিনি রস ও গুড় কিনতে পারেননি। তিনি আসার আগেই সব শেষ হয়ে গেছে। তার মতো অনেকেই গুড় কিনতে এসে ফেরত যাচ্ছেন খালি হাতে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com