বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
অনিয়ন্ত্রিত জীবনযাত্রার মাধ্যমে মানুষ পৃথিবীতে যেমন পরিবেশ দূষণ করছে, তেমনি মহাকাশে হরহামেশা স্যাটেলাইট পাঠিয়ে বাতিল যন্ত্রাংশ দিয়ে সৃষ্টি করছে আবর্জনার স্তুপ। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে নিজেদেরই। পুরনো মহাকাশযানের ধ্বংসাবশেষ অন্য স্যাটেলাইটকে ধাক্কা দিয়ে সেগুলোকে ক্ষতিগ্রস্ত করছে। একইসঙ্গে নতুনগুলোর উৎক্ষেপণের জায়গাও দখল করে রেখেছে। তাই অবস্থা ভয়াবহ আকার ধারণ করার আগেই পরিবেশবান্ধব স্যাটেলাইট তৈরির চেষ্টা করছেন বিজ্ঞানীরা।
জাপানে মহাকাশযান প্রস্তুতকারী প্রতিষ্ঠান সুমিতোমো ফরেস্ট্রি আর কিয়োটো ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে কাঠের স্যাটেলাইট! ২০২৩ সাল নাগাদ সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি এই স্যাটেলাইটের নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিকে সুমিতোমো ফরেস্ট্রি জানায়, আগামীতে মহাকাশে পাঠানোর জন্য কাঠের তৈরি আরও যন্ত্রাংশ তৈরি করতে চায় তারা। তাই মহাকাশে ব্যবহারের উপযোগী বিভিন্ন ধরণের কাঠ নিয়ে পরীক্ষা চালাচ্ছেন তারা। এসব কাঠ প্রচণ্ড তাপ ও চাপ সহ্য করে বৈরি পরিবেশে টিকে থাকতে পারবে।