সোমবার, ০৬ Jul ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
বাংলার শীতল প্রকৃতির সাথে যেন এক অনবদ্য, অকৃত্রিম বন্ধুত্ব ইংরেজি নতুন বছরের। রঙিন ফুলে ভরে থাকা মাঠে কৃষকের ভোর শুরু হয় ব্যস্ততায়। সেখানেও যেন হিসাব চলে, পুরনোকে ফেলে, নতুন খাতা মেলাবার।
২০২০ এর শুরু এবং শেষে যে পেঁয়াজ নিয়ে লঙ্কাকাণ্ড, সেটি বুনে লোকসান কাটানোর প্রত্যাশায়, আর দশজের সাথে, কৃষক বেলাল হোসেন। কারণ, করোনায় বাজার আর সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় বড় ক্ষতি গুণতে হয়েছে ফেলে আসা বছরের পুরোটা সময়।
বেলালের মতো, ২০২০ এর ক্ষতি পুষিয়ে নেয়ার চ্যালেঞ্জ সরকারের সামনেও। যেমন, করোনায় ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে নতুন করে। দরিদ্রের তালিকা যুক্ত হওয়া দেড় কোটি মানুষকে টেনে তুলতে হবে ওপরের সারিতে। চাকরি হারানো মানুষের জন্য করতে হবে কাজের ব্যবস্থা। ব্যবসা বাণিজ্যে আনতে হবে গতি; বাড়তি বিনিয়োগের মাধ্যমে। আর সার্বিক অবস্থার উন্নয়নে নিশ্চিত করতে হবে সুশাসন।
এজন্য কতোটা স্বস্তিতেই বা আছে বাংলাদেশ? বাস্তবতা হলো, বিশ্বজুড়ে এখনো স্বাস্থ্য ঝুঁকি থাকায় কঠিন হয়ে পড়ছে অর্থনীতিতে পুরোপুরি প্রাণ ফেরানো। তাই, রাষ্ট্রের আয়-ব্যয়ের হিসাবটাও আরো জটিল হচ্ছে দিন দিন। তারওপর, বড় প্রকল্পের জন্য টাকার যোগাড়, পঞ্চবার্ষিক পরিকল্পনার বাস্তবায়ন এবং এলডিসি থেকে উত্তরণ পরবর্তী কৌশল মোকাবেলার চ্যালেঞ্জ সামনে আসছে নতুন করে।