রবিবার, ০৫ Jul ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

বগুড়ায় রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা

বগুড়ায় রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা করে ব্যর্থ হয়েছে দুর্বৃত্তরা। এ সময় ডাকাত দলের হামলায় ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত দুই আনসার সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে গাবতলী উপজেলার রূপালী ব্যাংক সাবেকপাড়া শাখায় এই ঘটনা ঘটে।

এলাকাবাসী ও আহত আনসার সদস্যরা জানান, গাবতলী ও বগুড়া সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পীরগাছা বাজারে একটি ভাড়া বাসার দোতলায় রূপালী ব্যাংক সাবেকপাড়া শাখার কার্যক্রম পরিচালিত হয়।

প্রতিদিনের মত সোমবার ব্যাংকের কার্যক্রম শেষে কর্মকর্তা-কর্মচারীরা চলে যান। রাতে আনসার সদস্য মাসুদ রানা ও হাবিবুর রহমান নিরাপত্তার জন্য ব্যাংকের ভেতরে অবস্থান করছিলেন। ভোর রাত সাড়ে ৫টার দিকে মুখোশপরা কয়েকজন দুর্বৃত্ত ছাদের সিঁড়ি ঘরের তালা কেটে ওই ভবনে ঢোকে।

এরপর তারা ব্যাংকের প্রবেশ পথের কলাপসিবল গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় নিরাপত্তায় নিয়োজিত দুইজন আনসার সদস্য প্রতিরোধ করার চেষ্টা করলে ডাকাত দলের সদস্যরা আনসার সদস্য মাসুদ রানাকে ছুরিকাঘাত এবং হাবিবুরকে অ্যাসিড নিক্ষেপ করে।

ডাকাত দলের সদস্যদের সঙ্গে আনসার সদস্যদের ধস্তাধস্তি শুরু হলে আনসার সদস্যরা ডাকাতদলের এক সদস্যকে ছুরিকাঘাত করে এবং চিৎকার শুরু করে। অবস্থা বেগতিক দেখে ডাকাতরা ছাদের সিঁড়ি ঘর দিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন দুইজন আনসার সদস্যকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন।

রূপালী ব্যাংক সাবেকপাড়া শাখার ব্যবস্থাপক মোতাহার হোসেন জানান, ডাকাতরা ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের উপর হামলা করে ভোল্ট ভাঙার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফিরে যায়।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, ব্যাংকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে মুখোশপরা দুইজন দুর্বৃত্ত ব্যাংকের প্রবেশ করেছিল। ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের ছুরিকাঘাতে দুর্বৃত্তদের একজন আহত হয়ে ছাদের সিঁড়ি ঘর দিয়ে পালিয়ে গেছে।

তিনি বলেন, ভোর ৫টা ৩৪ মিনিট থেকে ৪৭ মিনিট পর্যন্ত দুর্বৃত্তরা ব্যাংকের ভেতরে অবস্থান করেছিল। সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com