সোমবার, ০৬ Jul ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

ফরিদপুরে তুমুল সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশতাধিক

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত পাঁচটি বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রাম্য দলাদলি ও স্থানীয় প্রভাব বিস্তার নিয়ে কুমারপট্টি গ্রামের এসকেন মাতবরের সঙ্গে হারুন মাতবরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। কোনো সূত্রপাত ছাড়াই বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিজেদের গ্রাম্য দলের শক্তি জানান দিতে উভয় পক্ষের শতশত লোকজন দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় মাঠে জড়ো হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এই সংঘর্ষ। পরে এ সংঘর্ষে আশপাশের কয়েক গ্রামের মানুষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অংশ নেয়। সংঘর্ষের সময় পাঁচটি বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেন তারা।

এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় এলাকার ভীত নারী ও শিশুদের এদিক-ওদিক ছোটাছুটি করতে দেখা যায়।

খবর পেয়ে সালথা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় সংঘর্ষকারীদের ইটের আঘাতে ও হামলায় ছয় পুলিশ সদস্য আহত হয়। এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, নগরকান্দা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও মুকসেদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আলী জিন্নাহ বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ১৮ রাউন্ড ফাঁকা গুলি ও দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ছয় পুলিশ সদস্য আহত হয়। তাদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ওই এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com