সোমবার, ০৬ Jul ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

অভিনেতা মজিবুর রহমান দিলু আর নেই

মঞ্চ ও টেলিভিশনের অভিনেতা, সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলু মারা গেছেন। মঙ্গলবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিলো ৬৯ বছর।

মুজিবুর রহমান দিলুর বড় ভাই আতাউর রহমান ফেইসবুকে এক পোস্টে জানান, আমার ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা, কীর্তিমান মঞ্চ ও টেলিভিশন অভিনেতা মুজিবুর রহমান দিলু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আজ সকাল ৬টা ৩৫ মিনিটে এই পৃথিবীর মায়া ছেড়ে অসীমের যাত্রী হয়েছেন। সে জীবন যুদ্ধে যেমন ছিল এক পরাক্রান্ত সৈনিক, তেমনি ছিল এক বর্ণিল জীবনের অধিকারী। তার আত্মার চির শান্তি কামনাই দেশবাসীদের কাছে আমাদের প্রত্যাশা।

বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলুর জানাজা ও দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কিছু জাননো হয়নি। জানুয়ারির শুরুর দিকে ফুসফুসের সংক্রমণ নিয়ে উত্তরার একটি হাসপাতালে ভর্তি হন মুজিবুর রহমান দিলু। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়।

মুজিবুর রহমান দিলু ১৯৭২ সালে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হন। ১৯৭৬ সাল থেকে টেলিভিশনে নিয়মিত অভিনয় শুরু করেন।

বিটিভির কালজয়ী ধারাবাহিক নাটক সংশপ্তক এর মালু চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ব্যাপক পরিচিতি পান। মঞ্চে তিনি কাজ করেছেন দীর্ঘদিন। ‘আমি গাধা বলছি’, ‘নানা রঙ্গের দিনগুলি’, ‘জনতার রঙ্গশালা’, ‘নীল পানিয়া’, ‘আরেক ফাল্গুন’, ‘ওমা কী তামাশা’ তার অভিনীত উল্লেখযোগ্য মঞ্চনাটক।

১৯৫২ সালের ৬ নভেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন অভিনেতা মুজিবুর রহমান দিলু। পেশাগত জীবনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক ছিলেন তিনি। শিশুদের সংগঠন টুনটুনির সমন্বয়ক ছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com