রবিবার, ০৫ Jul ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
জমির বিরোধ নিষ্পত্তি না করেই মেহেরপুরের গাংনীতে নির্মাণ করা হচ্ছে বিদ্যালয়ের দোতলা ভবন। বসতবাড়ির জায়গা দখলের অভিযোগ এনে, সেই কাজ বন্ধ করে দিয়েছেন সেখানকার বাসিন্দা। তবে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, কাজ শুরুর আগে বিষয়টি জানতেন না তারা।
১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় মেহেরপুরের গাংনী উপজেলার মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের জন্য ১৯৯৪ সালে ১৫ শতক জায়গা দান করেন, স্থানীয় সরোয়ার ও আব্দুর রশিদ নামে দুই ব্যক্তি। ২০১৪ সালে বিদ্যালয়টি জাতীয়করণ হয়। গেল বছরের জানুয়ারিতে, ৮২ লাখ টাকা ব্যয়ে দোতলা ভবন নির্মাণের অনুমোদন পায় বিদ্যায়লয়টি।
ভবন নির্মানের আগে নির্ধারিত জমির মাপ ও মাটি পরীক্ষা করতে গিয়ে জানা যায় ওই জমি শহিদ সরোয়ার ও আব্দুর রশিদের চাচাতো ভাই মিজানুর ও রেজাউলের। তাদের দাবি, জমি রেজিস্ট্রির সময় ভুল হওয়ায় এ জটিলতা। বিনিময় রেজিস্ট্রেশনের শর্তে সেখানে নির্মাণ কাজ শুরু হলেও, মীমাংসা হয়নি এখনো।
এদিকে, জমি নিয়ে জটিলতার বিষয়টি জানতেন না বলে দাবি করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তা।
এলজিইডির উপজেলা প্রকৌশলী জানিয়েছেন, জমি নিয়ে বিরোধের কথা জানা ছিল না তাদেরও।
বিদ্যালয় খোলার আগেই বিরোধ নিষ্পত্তি করে ভবন নির্মাণে দাবি জানিয়েছেন স্থানীয়রা।