রবিবার, ০৫ Jul ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
ভোটার তালিকা হালনাগাদ শেষে মঙ্গলবার চূড়ান্ত এ তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এবার হালনাগাদে মৃত্যুজনিত কারণে কর্তন করা হয়েছে ১৬ হাজার ৪৯৯ জনের নাম। নতুন অন্তর্ভুক্তি হয়েছে অর্থাৎ নতুন ভোটার হয়েছেন ১৯ লাখ ১৮ হাজার ৫৬ জন।
এদিকে দেশে আজ মঙ্গলবার তৃতীয়বারের মতো পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়’।
দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে কর্মসূচি কিছুটা সীমিত রাখা হয়েছে।
এ উপলক্ষে নির্বাচন ভবন ও মাঠ পর্যায়ের অফিস ভবনে আলোকসজ্জা করা হয়েছে এবং ভবনের সামনের রাস্তায় ব্যানার, ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। ঢাকাসহ আঞ্চলিক, জেলা ও উপজেলা বা থানা পর্যায়ে নানাবিধ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
ভোটার দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বাণী দিয়েছেন।
বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার সব আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে জুম অ্যাপসের মাধ্যমে ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, ২০১৩ সালে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন বিষয়ক সংগঠন ফেমবোসার (FEMBOSA) চতুর্থ সভার সিদ্ধান্ত অনুযায়ী সদস্য দেশগুলো জাতীয়ভাবে ভোটার দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে।