শনিবার, ০৪ Jul ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আইসিইউ থেকে স্থানান্তরের সময় চিকিৎসাধীন ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক। তিনি আরও বলেন, মারা যাওয়া রোগীদের মধ্যে কেউ দগ্ধ হননি।
বুধবার (১৭ মার্চ) সকালে নতুন ভবনের করোনা ইউনিটে কোভিড আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাঁদপুরের কচু কাজীবাড়ি এলাকার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা (৬৬), মানিকগঞ্জের আটিগ্রাম ঈশাননগর শাহ কারী ইসমাইলিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ আল মাহমুদ (৪৮) ও টাঙ্গাইলের বাসাইল এলাকার ইকবাল রোডের কিশোর চন্দ্র রায় (৭০)।
হাসপাতালটির পরিচালক আরও জানান, আইসিইউতে থাকা যত রোগী ছিল সবাইকে সরিয়ে ফেলা হয়েছে। তাদেরকে পুরাতন বার্ন ইউনিটের আইসিইউ এবং নতুন ভবনেরই সিসিইউসহ বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধী অবস্থায় ওই ৩ জনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় ঢাকা মেডিকেল কতৃপক্ষের ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন হাসপাতালটির পরিচালক।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার কামরুল ইসলাম ভোরের কাগজ লাইভকে বলেন, সকাল ৮টা ১০ মিনিটে ঢামেকের নতুন ১০ তলা ভবনের ৩য় তলায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ৪০ মিনিটের চেষ্টায় ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা সে বিষয়ে ফায়ার সার্ভিসের কাছে কোনো তথ্য নেই। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।