শনিবার, ০৪ Jul ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
আগামীকাল বৃহস্পতিবার (১৮ মার্চ) ঢাকায় পৌঁছাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ। মঙ্গলবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জানা গেছে, ঢাকায় কয়েক দফা জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি নোয়াখালীতে। শুক্রবার কোম্পানীগঞ্জ কলেজ মাঠে সবশেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে বর্ষীয়ান এই রাজনীতিবিদের দাফন সম্পন্ন করা হবে।
তার মরদেহ সিঙ্গাপুর থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা রয়েছে। একথা ঢাকাটাইমসকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।
শায়রুল কবির জানান, মরদেহ দেশে আসার পর রাজধানীর ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হবে। এরপর শুক্রবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা হওয়ার কথা রয়েছে। হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৃতীয় জানাজা শেষে মরদেহ নোয়াখালীতে নেয়া হবে।
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য ২ ফেব্রুয়ারি রাত ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন। সেখানে দীর্ঘদিন আইসোলেশনে থেকে পরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন। সেখানে তার হার্টে ব্লক ধরা পড়ায় তার হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।