শনিবার, ০৪ Jul ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
কক্সবাজারের উখিয়া-টেকনাফের ঘিঞ্জি ক্যাম্প থেকে নোয়াখালীর ভাসানচরে সুরম্য দালানের বসবাসের সুযোগ পাওয়া রোহিঙ্গারা এবার সেখান থেকেও পালাচ্ছে। ইতোমধ্যে ৪০-৫০ জন রোহিঙ্গা ভাসানচর দ্বীপের ইটের দেয়ালের ঘর ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছেন শরণার্থী নেতারা। অনেকে স্ব-পরিবারে আবার কেউ কেউ পরিবারের অন্য সদস্যদের রেখেই ভাসানচর থেকে পালিয়েছেন। তবে পালিয়ে যাওয়াদের মাঝে ইতোমধ্যে ডজনাধিক রোহিঙ্গা ধরাও পড়েছেন। ঘিঞ্জি বাসের কথা বলে উখিয়া-টেকনাফের ক্যাম্প থেকেও নানাভাবে পালানোর চেষ্টা চালান রোহিঙ্গারা।
ভাসানচর হতে রোহিঙ্গাদের পলায়নকে ‘সুখে থাকতে ভুতে কেলায়’ প্রবাদের সাথে তুলনা করে রোহিঙ্গারা আসলেই অস্থির জনগোষ্ঠী বলে মন্তব্য করেছেন লোকাল এনজিওগুলোর সমন্বিত প্লাটফর্ম সিসিএনএফ’র ফোকাল আবু মোরশেদ চৌধুরী খোকা। তবে, ফিরে আসা কোন রোহিঙ্গার সাথে কথা বলা সম্ভব না হওয়ায় তারা কেন পালিয়ে আসছে সে তথ্য এখনো অজানাই রয়েছে।
সূত্র মতে, ভাসানচর থেকে পালাতে শুরু করেছে কিছু রোহিঙ্গা। ১৮ মে (মঙ্গলবার) সকালে ১১ জন রোহিঙ্গাকে আটক করে সন্দ্বীপ থানা পুলিশ। এছাড়া টেকনাফের উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পেও নুরুল আমিন নামের একজন রোহিঙ্গা যুবক ভাসান চর থেকে পালিয়ে এসেছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি)।