শনিবার, ০৪ Jul ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের শরণার্থী রোহিঙ্গদের ভুয়া জন্ম সনদ ও জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে সহযোগিতার অভিযোগে চট্টগ্রাম নির্বাচন কমিশন অফিসের ৪ কর্মচারীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলায় হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ৪ রোহিঙ্গা অধিবাসীকেও আসামি করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুন) দুপুরে দুদকের সমন্বিত কার্যালয়-২ এ মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের উপ সহকারি পরিচালক শরিফ উদ্দিন।
আসামীরা হলেন— নির্বাচন কমিশন অফিসের কর্মচারী ও অফিস সহায়ক মোঃ জয়নাল আবেদীন, মোহাম্মদ নূর আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন ও সত্য সুন্দর দে। এছাড়া বাকি আসামিদের মধ্যে রয়েছেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল আফসার ও একই ইউনিয়নের ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম।
মামলার বাদী দুদক উপ সহকারি পরিচালক শরিফ উদ্দিন একাত্তরকে জানান- আসামীরা ভুয়া কাগজপত্র ব্যবহার করে ২০১৯ সালে সৌদি প্রবাসী রোহিঙ্গা নাগরিক নজির আহমেদের স্ত্রী রমজান বিবি ও দুই কন্যার জন্ম সনদ ও জাতীয় পরিচয় পত্র পাইয়ে দিতে সহযোগিতা করেন। পরে পাসপোর্ট এর জন্য আবেদন করলে পাসপোর্ট কর্মকর্তাদের সন্দেহ হওয়ায় জালিয়াতির বিষয়টি সামনে আসে।
দুদকের তদন্তেও জাল জালিয়াতি ও আসামীদের পরস্পর যোগসাজশে রোহিঙ্গা নাগরিকদের জাতীয়তা সনদ ও জন্ম নিবন্ধন পাইয়ে দেয়ার সত্যতা মেলে।
এ ব্যাপারে আসামীদের বিরুদ্ধে দন্ডবিধি ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে দুদক।